ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ ছয় মাসে পা দিয়েছে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও সংঘাতের স্থায়ী সমাধানের কোনো স্পষ্ট পথ এখনো দেখা যাচ্ছে না। বরং যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, অর্থনীতি ও জ্বালানি বাজারে।
ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া সংঘাত ইরানের সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোর ওপর ব্যাপক চাপ তৈরি করেছে। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোকেও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।
যুদ্ধের সবচেয়ে বড় অর্থনৈতিক প্রভাব দেখা গেছে জ্বালানি বাজারে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় তেল ও জ্বালানি সরবরাহ নিয়ে আন্তর্জাতিক বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। রপ্তানি ও উৎপাদন ব্যাহত হওয়ায় তেলের দাম এক পর্যায়ে ব্যারেলপ্রতি ১২০ ডলারের ওপর উঠে যায়। ২০২৬ সালে ব্রেন্টের গড় দামও আগের বছরের তুলনায় অনেক বেশি রয়েছে।
এর প্রভাব শুধু তেলেই সীমাবদ্ধ থাকেনি। ডিজেল ও অন্যান্য পরিশোধিত জ্বালানির বাজারেও সরবরাহ সংকট তৈরি হয়েছে।
উপসাগরীয় দেশগুলো একই সঙ্গে দুটি বিপরীত বাস্তবতার মুখোমুখি। একদিকে তারা তেল রপ্তানির মাধ্যমে বিপুল রাজস্ব আয় করে, অন্যদিকে যুদ্ধের কারণে তাদের বন্দর, জ্বালানি অবকাঠামো ও বাণিজ্যিক রুট নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে।
যুদ্ধ দীর্ঘায়িত হলে পর্যটন, বিমান চলাচল, বিনিয়োগ এবং আঞ্চলিক বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তবে ইরানের ক্ষেত্রেও যুদ্ধের মূল্য কম নয়। সামরিক ও অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপ আরও বেড়েছে। তবু তেহরান এখনো সংঘাত চালিয়ে যাওয়ার সক্ষমতা ধরে রেখেছে।
এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া এড়িয়ে চললেও নিরাপত্তা ও অর্থনৈতিক ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারছে না।
ছয় মাসের এই সংঘাত তাই শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের লড়াই নয়; এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো এবং বৈশ্বিক জ্বালানি অর্থনীতিকেও নতুনভাবে সংজ্ঞায়িত করছে।
