নরওয়ের রাজপরিবারে এলো বড় পরিবর্তন। দীর্ঘ ৩৫ বছর রাজত্ব করার পর রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুর মধ্য দিয়ে নতুন রাজা হিসেবে সিংহাসনে বসেছেন তাঁর ছেলে ক্রাউন প্রিন্স হাকন। ৫৩ বছর বয়সী হাকন এখন নরওয়ের রাজা হাকন অষ্টম। তাঁর সিংহাসনে আরোহণের মধ্য দিয়ে দেশটির রাজপরিবারে শুরু হলো নতুন এক অধ্যায়।
রাজা পঞ্চম হারাল্ড ২৮ আগস্ট স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে অসলো বিশ্ববিদ্যালয় হাসপাতাল রিকশহসপিতালেতে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। নরওয়ের রাজপ্রাসাদ ও দেশটির সরকার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
হারাল্ডের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই নরওয়েজুড়ে নেমে আসে শোকের আবহ। রাজধানী অসলোসহ বিভিন্ন এলাকায় মানুষ রাজপরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হন। অনেকেই ফুল দিয়ে প্রয়াত রাজাকে শেষ শ্রদ্ধা জানান। তিন দশকেরও বেশি সময় ধরে নরওয়ের রাজা হিসেবে দায়িত্ব পালন করা হারাল্ড সাধারণ মানুষের কাছে ছিলেন জনপ্রিয় ও সহজ-সরল একজন রাজা।
নরওয়ের সাংবিধানিক ব্যবস্থায় কোনো রাজা বা রানি মারা গেলে উত্তরাধিকারসূত্রে পরবর্তী ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে সিংহাসনে বসেন। ফলে হারাল্ডের মৃত্যুর সঙ্গে সঙ্গেই তাঁর ছেলে হাকন নরওয়ের নতুন রাজা হন। দেশটির সরকারও জানিয়েছে, একটি রাজতন্ত্রের দেশ হিসেবে নরওয়ে কখনোই রাজাবিহীন থাকে না; উত্তরাধিকারী স্বয়ংক্রিয়ভাবে নতুন রাজা বা রানি হন।
নতুন রাজা হাকন অষ্টমের বয়স ৫৩ বছর। তাঁর পুরো নাম হাকন ম্যাগনুস। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলি এবং লন্ডন স্কুল অব ইকোনমিকসে পড়াশোনা করেছেন। বাবার অসুস্থতার সময় বেশ কয়েকবার তিনি রিজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে রাজকার্য পরিচালনায় তাঁর অভিজ্ঞতাও রয়েছে।
সিংহাসনে বসে হাকন তাঁর বাবা, দাদা ও প্রপিতামহের ব্যবহৃত রাজকীয় মূলমন্ত্র—‘অল ফর নরওয়ে’ বা ‘সবকিছু নরওয়ের জন্য’—ধরে রাখার কথা জানিয়েছেন। তাঁর স্ত্রী মেটে-মারিত এখন নরওয়ের রানি এবং তাঁদের মেয়ে ইনগ্রিড আলেকজান্দ্রা নতুন ক্রাউন প্রিন্সেস ও সিংহাসনের উত্তরাধিকারী হয়েছেন।
তবে নতুন রাজার সামনে চ্যালেঞ্জও কম নয়। সাম্প্রতিক সময়ে নরওয়ের রাজপরিবার নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে রানি মেটে-মারিতের প্রয়াত মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে যোগাযোগ এবং তাঁর ছেলে মারিয়ুস বর্গ হোয়িবিকে ঘিরে আইনি বিতর্ক রাজপরিবারের ভাবমূর্তিতে চাপ তৈরি করেছে। ফলে নতুন রাজা হাকনের অন্যতম বড় দায়িত্ব হবে জনগণের আস্থা ধরে রাখা এবং রাজতন্ত্রের জনপ্রিয়তা শক্তিশালী করা।
এদিকে প্রয়াত রাজা হারাল্ডের প্রতি শ্রদ্ধা জানিয়ে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরে বলেন, পুরো জাতি শোকে মুহ্যমান। তাঁর মতে, হারাল্ড ছিলেন এমন একজন রাজা যিনি উষ্ণতা, রসবোধ ও নরওয়ের মানুষের প্রতি গভীর বিশ্বাস দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন।
১৯৯১ সালে সিংহাসনে বসেছিলেন হারাল্ড পঞ্চম। তাঁর দীর্ঘ রাজত্বের পর এবার নরওয়ের নেতৃত্বে নতুন মুখ হাকন অষ্টম। তাই নতুন রাজাকে ঘিরে দেশটির মানুষের প্রত্যাশাও অনেক। পুরোনো ঐতিহ্য ধরে রেখে আধুনিক নরওয়ের সঙ্গে রাজতন্ত্রের সম্পর্ক আরও শক্তিশালী করাই এখন তাঁর সবচেয়ে বড় পরীক্ষা।
